সরাসরি মূল কনটেন্টে যান

প্রবন্ধ

Hajj

হজ্জ ও উমরাহর প্রস্তুতি

হজ্জ ও উমরাহ শুধু একটি সফর নয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঘরের দিকে একটি মহান যাত্রা।

Asif Mahmud · পড়তে ৫ মিনিট · ২০ সেপ্টেম্বর, ২০২৬

হজ্জ ও উমরাহ শুধু একটি সফর নয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঘরের দিকে একটি মহান যাত্রা। এই সফরে যেমন ইবাদতের নিয়মকানুন জানা জরুরি, তেমনি প্রয়োজন মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা, শরীরকে প্রস্তুত করা এবং প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা।

অনেকেই হজ্জ বা উমরাহর প্রস্তুতি বলতে শুধু পাসপোর্ট, ভিসা, টিকিট, লাগেজ কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর কথা ভাবেন। কিন্তু প্রকৃত প্রস্তুতি এর চেয়েও অনেক বেশি কিছু।

হজ্জ বা উমরাহর সফর যেন শুধু কয়েকদিনের একটি সফর হয়ে না থাকে, বরং আমাদের জীবনে একটি অর্থবহ পরিবর্তনের সুযোগ হয়ে ওঠে, সেজন্য আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

মানসিক প্রস্তুতি

হজ্জ ও উমরাহর প্রস্তুতির শুরু হওয়া উচিত নিজের নিয়ত ও মানসিকতা ঠিক করার মাধ্যমে।

নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কেন হজ্জ করতে যাচ্ছি? কেন উমরাহ করতে যাচ্ছি?

শুধু হজ্জ ফরজ হয়েছে বলে দায়িত্ব শেষ করার জন্য? মানুষের কাছে নিজের মর্যাদা বাড়ানোর জন্য? নাকি সত্যিই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টি অর্জন এবং তাঁর ডাকে সাড়া দেওয়ার জন্য?

আল্লাহর ঘরের দিকে যাওয়ার আগে নিজের অন্তরটাকেও প্রস্তুত করা দরকার।

হজ্জের সময় আমরা বারবার বলি:

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ

“হে আল্লাহ, আমি হাজির। আমি হাজির।”

এই কথাটি শুধু মুখে উচ্চারণ করার বিষয় নয়। এর মধ্যে রয়েছে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অনুভূতি। তাই হজ্জ ও উমরাহর পুরো সফরজুড়ে আমাদের নিয়ত ও আচরণেও সেই অনুভূতির প্রতিফলন থাকা উচিত।

আরেকটি বিষয় আগে থেকেই মনে রাখা ভালো, এই সফরে সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে। প্রচণ্ড গরম, ভিড়, দীর্ঘ সময় হাঁটা, অপেক্ষা, ঘুমের অনিয়ম কিংবা অন্য কোনো অসুবিধা হতে পারে। তাই ধৈর্য ধরার মানসিক প্রস্তুতিও হজ্জের প্রস্তুতির অংশ।

হজ্জ ও উমরাহর উদ্দেশ্য কী?

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ ۝ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ...

“আর তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা প্রচার করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার কৃশকায় উটের উপর সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে। যাতে তারা তাদের জন্য নির্ধারিত কল্যাণ প্রত্যক্ষ করতে পারে...”
(সূরা আল-হজ্জ, ২২:২৭-২৮)

হজ্জের মধ্যে মানুষের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে।

তাই হজ্জকে শুধু একটি ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখলে এর অনেক বড় একটি দিক আমাদের চোখের আড়ালে থেকে যায়। হজ্জ হতে পারে নিজের জীবনকে নতুন করে দেখার একটি সুযোগ। নিজের ভুলগুলো নিয়ে ভাবার, আল্লাহর কাছে তাওবা করার এবং তাঁর দিকে আরও বেশি ফিরে আসার একটি সুযোগ।

হজ্জ থেকে ফিরে এসে আমাদের নিজেদেরও প্রশ্ন করা উচিত, এই সফর আমার জীবনে কী পরিবর্তন আনল?

আমি কি আগের চেয়ে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করছি? আমার নামাজ, আখলাক, পরিবার, মানুষের হক এবং গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে কি কোনো পরিবর্তন এসেছে?

হজ্জের আসল সৌন্দর্য শুধু মক্কা-মদিনায় থাকার মধ্যে নয়। সেই সফরের শিক্ষা নিজের জীবনে কতটা ধরে রাখতে পারলাম, সেটিও গুরুত্বপূর্ণ।

শারীরিক প্রস্তুতি

হজ্জ ও উমরাহ শারীরিকভাবে পরিশ্রমসাধ্য ইবাদত। তাওয়াফ, সাঈ, মসজিদে যাতায়াত এবং বিভিন্ন স্থানে চলাচলের কারণে অনেকটা হাঁটতে হয়। হজ্জের সময় মিনা, আরাফাত ও মুযদালিফার মতো স্থানেও যেতে হয়।

এর সঙ্গে থাকে প্রচণ্ড গরম, প্রচুর মানুষের ভিড় এবং অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করার বিষয়।

তাই হজ্জ বা উমরাহর কয়েক সপ্তাহ আগে থেকেই নিজের শরীরকে প্রস্তুত করা ভালো।

নিয়মিত হাঁটার অভ্যাস করতে পারেন। শুরুতে অল্প সময় হাঁটুন, এরপর ধীরে ধীরে সময় ও দূরত্ব বাড়ান। নিজের সামর্থ্য অনুযায়ী হালকা ব্যায়াম করতে পারেন। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যাসও তৈরি করুন।

অনেকের মধ্যে একটি ধারণা আছে যে সন্তানদের পড়ালেখা, বিয়ে, চাকরি কিংবা অন্যান্য দায়িত্ব শেষ করার পর বৃদ্ধ বয়সে হজ্জ করা উচিত। বাস্তবে হজ্জের জন্য সামর্থ্য থাকলে শুধু বয়স বাড়ার অপেক্ষা করার প্রয়োজন নেই।

বরং শারীরিকভাবে সক্ষম অবস্থায় হজ্জ করতে পারলে ইবাদতগুলো অনেক স্বাচ্ছন্দ্যে করার সুযোগ থাকে। অবশ্যই প্রত্যেকের পরিস্থিতি আলাদা। কারও শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ এবং হজ্জের বিধান সম্পর্কে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়া উচিত।

জ্ঞানগত প্রস্তুতি

হজ্জ বা উমরাহর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিগুলোর একটি হলো সঠিক জ্ঞান অর্জন করা।

অনেকেই সফরে যাওয়ার পর অন্য হাজিদের দেখে দেখে বিভিন্ন আমল করার চেষ্টা করেন। এতে কখনো কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সম্ভব হলে যাওয়ার আগেই হজ্জ ও উমরাহর প্রয়োজনীয় বিষয়গুলো শিখে নিন।

হজ্জ ও উমরাহর ফরজ, ওয়াজিব, সুন্নাহ, ইহরামের বিধান, তাওয়াফ, সাঈ এবং অন্যান্য প্রয়োজনীয় আমল সম্পর্কে পড়াশোনা করুন।

কুরআন ও সহিহ হাদিসভিত্তিক নির্ভরযোগ্য বই পড়তে পারেন। প্রয়োজনীয় দোয়া ও তালবিয়া আগে থেকেই শিখে নিতে পারেন।

তবে শুধু অনেক কিছু জানাই লক্ষ্য হওয়া উচিত নয়। কোন বিষয়টি সহিহ এবং কোনটি প্রচলিত কিন্তু নির্ভরযোগ্য নয়, সেটিও বোঝা জরুরি।

হজ্জ সম্পর্কে যত বেশি পড়বেন, ইনশাআল্লাহ এই মহান ইবাদতের প্রতি আপনার আগ্রহ ও প্রস্তুতিও তত বাড়বে।

আর্থিক প্রস্তুতি

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

“আর মানুষের মধ্যে যে সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, তার ওপর আল্লাহর জন্য এই ঘরের হজ্জ করা ফরজ।”

(সূরা আলে ইমরান, ৩:৯৭)

হজ্জ ফরজ হওয়ার ক্ষেত্রে সামর্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই হজ্জের প্রস্তুতির সময় নিজের ও পরিবারের প্রয়োজনীয় খরচ, দায়িত্ব এবং সফরের আনুষঙ্গিক ব্যয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন।

যারা ভবিষ্যতে হজ্জ করার ইচ্ছা রাখেন, তারা চাইলে আগে থেকেই পরিকল্পনা করে অল্প অল্প করে সঞ্চয় করতে পারেন। আজ থেকে সামান্য করে শুরু করলেও সময়ের সঙ্গে তা একটি বড় প্রস্তুতিতে পরিণত হতে পারে।

তবে হজ্জের জন্য নিজের ওপর এমন ঋণ বা আর্থিক চাপ নেওয়া উচিত নয়, যা পরে নিজের বা পরিবারের জন্য বড় সমস্যা তৈরি করে।

প্রয়োজনীয় জিনিসপত্রের প্রস্তুতি

সফরের ঠিক আগের রাতে সবকিছু গুছাতে গেলে অনেক কিছু বাদ পড়ে যেতে পারে। তাই আগে থেকেই প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা তৈরি করে ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া ভালো।

ইহরামের কাপড়, আরামদায়ক স্যান্ডেল, প্রয়োজনীয় ওষুধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী, প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাংকসহ প্রয়োজনীয় জিনিসগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন।

তবে বেশি জিনিস নেওয়ার প্রয়োজন নেই। হজ্জ ও উমরাহর সফরে প্রয়োজনীয় ও ব্যবহারিক জিনিস সঙ্গে রাখাই ভালো।

সফরের আগে নিজের কিছু দায়িত্ব গুছিয়ে নিন

হজ্জে যাওয়ার প্রস্তুতি শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্যও।

কারও কাছে ঋণ থাকলে তা পরিশোধের চেষ্টা করুন। কারও আমানত থাকলে ফিরিয়ে দিন। কারও হক নষ্ট করে থাকলে সম্ভব হলে তা আদায় করুন। পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলোও আগে থেকে গুছিয়ে নিন।

আর নিজের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে তাওবা করুন।

আমরা কেউই জানি না, এই সফর আমাদের জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসবে। তাই হজ্জ বা উমরাহর আগে নিজের জীবনটাকেও একটু গুছিয়ে নেওয়া যাক।

আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

হজ্জ বা উমরাহর প্রস্তুতি শেষ মুহূর্তে শুরু করার বিষয় নয়।

আজ থেকেই একটু একটু করে শুরু করা যায়।

নিজের নিয়ত ঠিক করুন।
নিয়মিত হাঁটার অভ্যাস করুন।
হজ্জ ও উমরাহর নিয়ম শিখুন।
প্রয়োজনীয় দোয়া শিখুন।
নিজের আর্থিক ও পারিবারিক দায়িত্বগুলো গুছিয়ে নিন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করুন।

হজ্জ ও উমরাহ আমাদের জীবনের খুব বিশেষ একটি সফর। তাই শুধু মক্কা-মদিনায় পৌঁছানোর প্রস্তুতি নয়, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য নিজেকেও প্রস্তুত করুন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সবাইকে সঠিক নিয়ত, সহিহ জ্ঞান ও সামর্থ্যের সঙ্গে হজ্জ ও উমরাহ আদায়ের তাওফিক দিন এবং আমাদের ইবাদতগুলো কবুল করুন।

আমিন।